সাংবাদিক হওয়ার জন্য যা যা প্রয়োজন

হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক।

একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন?
আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।

সাংবাদিকদের ‘সব কাজের কাজী’ হতে হয়। অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি। সেটা খেলা, অর্থনীতি ও বাণিজ্য, আইন-আদালত, সংবিধান, জ্বালানির মতো বিষয় হতে পারে।


সাংবাদিকতার ক্ষেত্রসমূহঃ
প্রিন্ট মিডিয়া (পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী ইত্যাদি) : সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, প্রচার বিভাগ, রেফারেন্স লাইব্রেরি, প্রিন্টিং/ছাপা বিভাগ।

ইলেক্ট্রনিক মিডিয়া (রেডিও, টেলিভিশন) : নিউজ বিভাগ-রিপোর্টিং, নিউজ এডিটর, জয়েন্ট নিউজ এডিটর, ডেস্ক রিপোর্টার, নিউজ প্রডিউসার, নিউজ প্রেজেন্টার, অনলাইন এডিটর, প্রোগ্রাম প্রডিউসার, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এনিমেটর, সেট ডিজাইনার, চিত্রগ্রাহক, ইঞ্জিনিয়ারিং এবং ব্রডকাস্টিং এক্সিকিউটিভসহ নানা ধরনের কর্মসংস্থান।
 ইলেক্ট্রনক মিডিয়ায় সাধারণত নিয়ম হলোথ যেকোনো বিভাগে আপনি কাজ করতে প্রথমেই জানতে হবে বেসিক জার্নালিজম।

অনলাইন মিডিয়া : বাংলাদেশে পূর্বে প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজের সুযোগ থাকলেও বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আরেকটি ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সেটি হলো- অনলাইন মিডিয়া।

সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, রেফারেন্স লাইব্রেরি। এছাড়াও এর চেয়ে কমবেশি বিভাগ থাকতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করবে ঐ প্রতিষ্ঠানের উপর।


সাংবাদিক হতে হলে :
সাংবাদিক হলে যেসব গুণ থাকা দরকার : ১. সিদ্ধান্ত ২. সততা ৩. ব্যক্তিত্ব ৪. ব্যবহার ৫. সাহসিকতা ৬. বস্তুনিষ্ঠতা ৭. অধ্যবসায় ৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ৯. দায়বদ্ধতা ১০. বিচক্ষণতা

বাংলাদেশের প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে, এ পেশায় আজও সিংহভাগ জনশক্তিই অনাড়ি। তারা অপেক্ষাকৃত কম মেধাবী ও প্রশিক্ষণহীন। সাংবাদিকতায় পড়ালেখা করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত নগন্য। পড়ালেখা করাতো দূরে থাক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন লোকই বা কোথায়। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশে-বিদেশে অনেক উঁচু মাপের পেশা। পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে।
 সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যরিয়ার গড়া সম্ভব।

সাংবাদিক হতে শিক্ষাগত যোগ্যতা : ১. জাতীয় পত্রিকা/অনলাইন/ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অর্নাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্বলের ক্ষেত্রে শিথিলযোগ্য। সাংবাদিকতার উপর স্নাতক ও স্নাতকোত্তর থাকলে ভালো। সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতার উপর যেকোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতার পেশায় হাতেখড়ি হতে পারে। একটি সফল সর্ট কোর্সের পর পিজিডি ও মাস্টার্স করতে পারলে সাংবাদিক হিসাবে একটি শক্ত ভিতের উপর দাঁড়ানো সম্ভব।

কোথায় করবেন কোর্সঃ যাদের পক্ষে এখন আর সাংবাদিকতায় স্নাতক করা সম্ভব নয়, তারাও করে নিতে পারেন ৬মাস, একবছর বা ২ বছর মেয়াদী স্নাতকোত্তর বা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স। দেশের সরকারি বে-সরাকারি বহু প্রতিষ্ঠানে এ ধরণের কোর্সকরার সুযোগ রয়েছে। বাংলাদেশ তথ্য অধিদপ্তর, প্রেস ইনস্টিটিউট বা প্রেস কাউন্সিলসহ প্রথম আলো, নয়দিগন্তসহ অনেক বেসরকারি ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া এখন এসকল কোর্স চালু করেছে। ঢাবি, রাবি’সহ দেশের কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স রয়েছে। তাছাড়া রয়েছে ১ ও ২ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স। কোর্স করে আপনি বিভিন্ন পত্রিকায় আপনার লেখা পাঠাতে থাকুন ও সেই সঙ্গে আপনার বায়োডাটাও পাঠাতে থাকুন।

ভর্তির যোগ্যতাঃ স্নাতক পর্যায়ে ভর্তি হতে যে কোন বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে। আর স্নাতকোত্তর বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে স্নাতক পাশ হতে হবে।

সম্মানী কেমনঃ এখানে প্রথমদিকে হয়তো আয়ের পরিমাণটা কম। তবে অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আয় রোজগার। দেশে আপনার অভিজ্ঞতা অনুযায়ী সম্মানী ১০-৫০ হাজার টাকা হয়ে থাকে। তবে ইলেকট্রনিক মিডিয়াতে এ অঙ্ক বাড়তে পারে। আর যদি সাংবাদিকতার মাধ্যমে কোনো আন্তর্জাতিক সংস্থার সাংবাদিক হওয়া যায় তাহলে সম্মানী এর দ্বিগুণও হতে পারে।
সূত্রঃ আমার লক্ষ্য

অভিনয়ে  ক্যারিয়ার গড়তে যা জানা আবশ্যক

ছোটবেলায় কোন নায়ক বা নায়িকাকে নকল করে তার মত হবার চেষ্টা কম বেশি আমাদের প্রায় সবারই ছিল। ব্যাপারটা অনেক আগে থেকেই প্রচলিত। অনেকের মনেই তাই বেশ ছোট বয়স থেকেই অভিনয় করার একটা সুপ্ত বাসনা তৈরি হয়। কিন্তু পরে, বিভিন্ন কারনে দেখা যায় সে ইচ্ছাটা আর পূরন হয় না। আবার অনেকেই ঠিক জানেন না, অভিনয়কে কি পেশা হিসাবে নেয়া সম্ভব কি না। নিলেই বা সেটা কীভাবে সম্ভব?

অভিনয় একটি শিল্প। অন্য সব শিল্পের মতোই এটিও আয়ত্তের জন্য অধ্যবসায় এবং চর্চার কোন বিকল্প নেই। তবে কেউ যদি মনে করেন অভিনয় করতে হলে খুব সুন্দর মুখশ্রী, লম্বা-চওড়া শরীর এসবের প্রয়োজন, সেটা ভুল। অভিনয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ন হলো অবজারভেশন ক্ষমতা বাড়ানো। একজন মানুষ তখনই ভাল অভিনেতা যখন তিনি একজন ভাল দর্শক। দর্শক হিসেবে অবলোকন করার ক্ষমতা যত সূক্ষ্ম হবে, অভিনয়ের ক্ষেত্রে চরিত্রায়ন তত সহজ এবং জীবন্ত হবে।

বাচন ভঙ্গি এবং উচ্চারনও অত্যন্ত গুরুত্বপূর্ন অভিনয়ের জন্য। অনেকেই মনে করেন অভিনয়ের জন্য শুদ্ধ উচ্চারন চর্চার প্রয়োজন খুব একটা নেই, কিন্তু এটা ভুল কথা। যিনি একটি সংলাপ শুদ্ধ উচ্চারনে বলতে পারেন, তিনি সেটিকে ইচ্ছে মত পরিবর্তন করে প্রয়োজনের সময় অন্যভাবেও(যেমন- আঞ্চলিক টানে) বলার ক্ষমতা রাখেন। কিন্তু উচ্চারনে শুদ্ধতা সংলাপ প্রদানে আত্মবিশ্বাস এবং প্রানের সঞ্চার করে। উচ্চারন সংক্রান্ত দুর্বলতা দূর করতে অভ্যাসের বিকল্প নেই।

অভিনয় শেখার জন্য বাংলাদেশে তেমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তবে অনেক পেশাদার থিয়েটার অভিনয়ের উপর কোর্স করাচ্ছে। এসব কোর্স শেষে সার্টিফিকেটও দেয়া হয়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে গ্রুপগুলো এখান থেকেও সদস্য গ্রহন করে। মূলত এই কোর্সগুলো অভিনয় শেখার জন্য বেশ ভাল ভুমিকা রাখে।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে নাটক, নাট্যতত্ত্ব নিয়ে পড়ানো হয়। বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ে পড়ানো হয়। মোদ্দাকথা, অভিনয় সম্পর্কে হাতে কলমে শেখার কিছু জায়গা রয়েছে তবে সে সুযোগ মোটামুটি ঢাকাতেই সীমাবদ্ধ।

বর্তমানে মিডিয়াতেও অভিনয়শিল্পীদের বেশ রমরমা অবস্থা যাচ্ছে। দিন দিন চ্যানেল সংখ্যা বাড়ছে, বাড়ছে কাজের পরিমান। কিন্তু সেই হারে বাড়ছে না ভাল মানের অভিনেতা অভিনেত্রী। তাই, আপনার ভেতরেই যদি থাকে অভিনয়ের সুপ্ত বাসনা, দেখুন একবার চেষ্টা করে।




একজন অভিনয় শিল্পির দেয়া কিছু পরামর্শ তুলে ধরলাম..... হয়তো আপনাদের কাজে লাগবে (দুঃখিত অভিনয় শিল্পির নাম জানি না। তিনি যে ব্লগে লিখেছেন সেখানে কোন নাম দেয়া নেই। আমি কপি পেস্ট করেছি মাত্র)

এখন আসেন… আপনাদের শুটিং এর আগে এবং শুটিং চলাকালে অভিনয় সংক্রান্ত কিছু টিপস দেই । ভয় পাবেন না, বেশিরভাগ পয়েন্ট গুলো Google মামার কাছ থেকে সংগ্রহ করা। আমি অল্প বিস্তর সংযোজন করেছি মাত্র।

✿✿শুটিং পূর্ব টিপসঃ

১। স্ক্রিপ্ট পড়ুনঃ অভিনয়ের সর্ব প্রথম স্টেপ হল আপনাকে স্ক্রিপ্ট মন দিয়ে পড়তে হবে। (মঞ্চে অভিনয়ের ক্ষেত্রেও প্রযোজ্য)।

২। ডিরেক্টরের সাথে কথা বলুনঃ ডিরেক্টরের সাথে চরিত্র নিয়ে খোলামেলা আলোচনা করুন। চরিত্রটি বুঝে নিন এবং ডিরেক্টর আপনার কাছ থেকে কি কি এক্সপেক্ট করছে তাও জেনে নিন।

৩। চরিত্র বিশ্লেষণঃ স্ক্রিপ্টের চরিত্রের নাম কি? সে কোথায় থাকে? কিভাবে কথা বলে? তার পারিপার্শ্বিক অবস্থা কি? তার পোশাক কেমন? তার আচরণ কেমন? ইত্যাদি আদ্যোপান্ত সবকিছু চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করুন। প্রয়োজনে ডিরেক্টরকে বারংবার বিরক্ত করুন ।

৪। চরিত্র ধারণঃ চরিত্রটি নিজের মাঝে ধারণ করুন এবং লালন করুন। নিজেকে উক্ত চরিত্রে কল্পনা করুন। চরিত্রের চাহিদানুযায়ী কথা বলুন এবং পোশাক পরিধানের চেষ্টা করুন।

৫। লোকেশন ভ্রমণঃ সম্ভব হলে শুটিং স্পট ঘুরে আসুন শুটিং এর আগেই। এতে করে চরিত্র ধারণে সুবিধা হবে।

৬। কো-অ্যাক্টরদের সাথে সাক্ষাৎঃ শুটিং এর আগে যদি কো-অ্যাক্টরদের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে পারেন, তাহলে উপকৃত হবেন।

৭। প্রপস সম্পর্কে ধারণাঃ শুটিং এ কি প্রপস ব্যবহার করতে হবে সে সম্পর্কে ধারণা রাখুন। প্রয়োজনে সেই প্রপস নিয়ে রিহার্স করুন।

৮। রিহার্সেল বা প্রি-শুটিং: আমাদের দেশের পরিচালকেরা সাধারণত রিহার্সেল বা প্রি-শুটিং এর প্রয়োজনীয়তা অনুভব করেন না (তারা বেশিরভাগই নিজেরে ‘কিছু একটা হয়ে গেছি’ টাইপ বলে মনে করে; আসলে কিছুই পারে না  )। অথচ ভাল অভিনয় এবং ভাল মেকিং এর জন্য রিহার্সেল / প্রি-শুটিং আবশ্যক। পরিচালক সে ধরণের ব্যবস্থা না রাখলে আপনাকে নিজে নিজেই রিহার্স করতে হবে। শুধু ডায়ালগ ডেলিভারি ই রিহার্স করবেন না, বডি মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, ভয়েস এক্সপ্রেশন ইত্যাদি সব কিছু রিহার্স করবেন। ফেসিয়াল এক্সপ্রেশন প্র্যাকটিস করার জন্য আদর্শ হচ্ছে আয়নার ব্যবহার। সবচেয়ে ভাল হয় যদি বড় কোন আয়নার (মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এমন) সামনে রিহার্স করেন। রিহার্সেলে নিজে সন্তুষ্ট হলে এবার নিজস্ব ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এক্সপ্রেশন চেক করুন। ক্যামেরাতেই রেকর্ড করতে হবে এমন কোন কথা নাই,
 আপনার কম-দামী ঝাপসা মোবাইলেও ভিডিও রেকর্ড করতে পারেন।

১। ডিরেক্টরকে শুনুনঃ ডিরেক্টর পুরো প্রোডাকশনের চিত্র জানেন। তাই তারা যা করতে বলেন তা বুঝেশুনেই বলেন। অতএব, ডিরেক্টরের সমালোচনা বা পরামর্শ গুরুত্বের সাথে নিন। তাদের সাথে কাজের সময় অযথা তর্ক করবেন না (মাইরও দিবার পারে ) । পরিচালকের কোন ডিসিশন আপনার কাছে ভুল মনে হলে বুঝিয়ে বলার চেষ্টা করুন…না শুনলে, চেপে যান (ডিরেক্টরের উপরে হোন্ডার মত আবার চাইপা বইসেন না, বলতে চাইছি চুপ কইরা যান ) ।

২। আপনি বিশেষ কেউ ননঃ শুটিং স্পটে নিজেকে বিশেষ কেউ ভাবা থেকে বিরত থাকুন। আপনি প্রধান চরিত্রে থাকলেও পুরো প্রোডাকশন টিমের এফোর্ট ছাড়া সিনেমাটি নিশ্চয়ই বানানো সম্ভব নয়। প্রোডাকশন টিমের সাথে যুক্ত ছোট-বড় সকলের সাথে ভাল ব্যবহার করুন।

৩। কো-অ্যাক্টরের প্রতি মনোযোগঃ আপনি শুধু নিজের সংলাপ বলায় মনোযোগী হলে চলবে না, কো-অ্যাক্টরের প্রতিও মনোযোগী হন। যার সাথে অভিনয় করছেন তাকে সংলাপ শেষ করার সুযোগ দিতে হবে। নতুবা, ওভার ল্যাপিং হবে। এমন সব ধরণের কাজ করা থেকে বিরত থাকতে হবে যা কো-অ্যাক্টরকে বিরক্ত করে বা অস্বস্তিতে ফেলে। ( শুটিং এর সময় সহ-অভিনেতার সাথে টাংকি মারা নিষিদ্ধ । শুটিং এর পর ইচ্ছা হইলে টাংকি মারতেই পারেন)।

৪। ক্যামেরা এঙ্গেল এবং দূরত্বঃ বেশিরভাগ প্রফেশনাল ক্যামেরার কাজ সুনির্দিষ্ট হয় এবং এগুলো ডিটেইলসে করা হয়। যখন ক্লোজ শট নেয়া হয়, আপনার সামান্য নড়াচড়ার কারণে পুরো শট টাই নষ্ট হয়ে যেতে পারে। ওয়াইড শটের ক্ষেত্রে শরীর নড়াচড়ার জন্য আপনি তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা পাবেন।

৫। বাস্তবিকভাবে সংলাপ বলুনঃ সাধারণভাবে যেভাবে কথা বলেন, সংলাপও ঠিক সেভাবেই বলবেন। মঞ্চের অভিনয় করতে গেলে জোরে কথা বলতে হয় কিন্তু ক্যামেরার সামনে সাধারণভাবেই কথা বলুন। ফিসফিস করে কথা বলার প্রয়োজন হলে তাই বলুন। সাউন্ড ডিপার্টমেন্ট আপনার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নেবে।

৬। ক্যামেরা ফলো করবেন নাঃ নিজের মত অভিনয় করে যান। ক্যামেরা আপনাকে ফলো করবে, আপনি ক্যামেরাকে ফলো করবেন না। তবে, ডিরেক্টরের নির্দেশ থাকলে ক্যামেরা ফলো করতে পারেন।

৭। অভিনয় করবেন নাঃ ব্যাপারটা হল, আপনি অভিনয় করবেন ঠিকই। কিন্তু অভিনয় করছেন বলে যেন মনে না হয়। চরিত্রকে নিজের মধ্যে ধারণ করুন।

৮। তাড়াহুড়ো করবেন নাঃ শুটিং এর সময় রিল্যাক্স থাকুন। তাড়াহুড়ো করবেন না। নইলে কাজ খারাপ হবে।

৯। এক্সপ্রেশন নিয়ন্ত্রণঃ ক্লোজ শটের সময় অতিরিক্ত চোখের পলক ফেলা থেকে নিজেকে বিরত রাখুন। আই-ভ্রু বেশি কুচকাবেন না । নিচের দিকে বেশি না তাকানোই ভাল। বেশি সমস্যা হলে কো-অ্যাক্টরের চোখের দিকে তাকিয়ে থাকবেন। ( এমনে চোখাচোখি করতে গিয়াই মনে হয় নায়ক-নায়িকা দের মধ্যে ইয়ে হয়ে যায়। তাই, সাবধান।

১০। মুখের পেশী শিথিলকরণঃ ক্যামেরার সামনে অভিনয়ের সময় মুখের পেশী শিথিল রাখার চেষ্টা করুন যতটা সম্ভব।


পরিশেষে…অভিনয়কে আগে ভালোবাসুন। এরপরই অভিনয়কে নিজের মাঝে ধারণ এবং লালন করতে পারবেন। পর্যবেক্ষণ শক্তি বাড়ান। আপনার চারপাশের মানুষ লক্ষ্য করুন। তারা কিভাবে কথা বলে, চলাফেরা করে, বিড়ি টানে, খাওয়া-দাওয়া করে, ঝগড়া করে, হাসে… তাদের মুদ্রা দোষ গুলোও খেয়াল করে দেখবেন। আর অভিনয়ের ক্ষেত্রে জরুরি বিষয় হল… ভুল করেও অভিনয় করবেন না; BE NATURAL… । সবশেষে একটা পরামর্শ দিয়ে শেষ করি… আয়নাকে কখনোই কাছ ছাড়া করবেন না।
 এক্সপ্রেশন ইম্প্রুভ করার জন্য আয়নার বিকল্প আর কিছুই নাই।

সূত্রঃ আমার লক্ষ্য