সিলেটে চিকিৎসাধীন সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা




নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের একটি হাসপাতালে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

আজ সোমবার (১ জুন) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই সাবেক সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেটের ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আইসিইউতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে সাবেক এই এমপির সর্বশেষ চিকিৎসা পরিস্থিতির বিবরণ শোনেন। পরে তিনি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর দ্রুত ও পরিপূর্ণ আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

0 comments: